|
ক্যামেরার চোখে ২০১২
টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীতে ১৭ বছরের তরুণী হাসি, তার 'বাবুর' সঙ্গে। এই বাবুরা মাঝে মধ্যে পল্লীতে এসে 'সময় কাটিয়ে যান' হাসিদের সঙ্গে, যাওয়ার সময় নিয়ে যান হাসিদের জীবনের বিনিময়ে উপার্জিত টাকার ভাগ। প্রতিদিন ১৫ থেকে ২০ জন খরিদ্দারের চাহিদা মিটিয়ে হাসির আয় হয় ৮০০ থেকে ১০০০ টাকা। একের পর এক ধর্ষিত হওয়ার সেই যন্ত্রণা রয়টার্সের কাছে তুলে ধরেছেন হাসি। ৪ মার্চ কান্দাপাড়া থেকে ছবিটি তুলেছেন এন্ড্রু বিরাজ।
দেবতা কৃষ্ণের জন্মদিনে হাতে হাত রেখে প্রার্থনারত ভক্ত হিন্দুরা। গত ১০ অগাস্ট মুম্বাই থেকে ছবিটি তোলেন দানিশ সিদ্দিক।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাস আল-আইনে বিদ্রোহীদের সঙ্গে চলছে সিরীয় বাহিনীর তুমুল গোলাগুলি। প্রাণ বাঁচাতে সন্তানকে কোলে নিয়ে তুরস্ক সীমান্তের কাঁটাতারের বেড়া পার হচ্ছেন দুই সিরীয়। গত ৯ নভেম্বর তুরস্কের সেলানপিনা থেকে ছবিটি তোলা।
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা ও রাখাইনদের দাঙ্গায় জ্বলছে ঘর-বাড়ি। অস্ত্র হাতে বেরিয়ে আসছে এক রাখাইন যুবক। গত ১০ জুন রাখাইনের সিত্তে অঞ্চল থেকে তোলা ছবি এটি।
গত নভেম্বরে প্রলঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল। ১ নভেম্বর পানিতে তলিয়ে থাকা নিউ জার্সির একটি পার্কের রোলার কোস্টারের ধ্বংসাবশেষ ধরা পড়েছে স্টিভ নেসাসের ক্যামেরায়।
সেতু নির্মাণের সময় দুর্ঘটনায় এই চীনা শ্রমিকের শরীরে ঢুকে যায় ইস্পাতরে পাত। চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝুর একটি হাসপাতালে সেই ইস্পাতের পাত কেটে বের করার চেষ্টা করছেন চিকিৎসক ও সহকর্মীরা। গত ১২ জুন তোলা এই আলোকচিত্রটি চায়না ডেইলিতে প্রকাশিত হয়।
জেরুজালেমে তুমুল বিক্ষোভের মধ্যে এক ফিলিস্তিনি বিক্ষোভকারীর মুখে মরিচের গুঁড়ো স্প্রে করছেন এক ইসরায়েলি সেনা। গত ৩০ মার্চ জেরুজালেমের দামেস্ক ফটকের বাইরে থেকে ছবিটি তোলেন আমার আওয়াদ।
নেপালি নববর্ষ উপলক্ষে নয় দিনব্যাপী উৎসবের শেষ দিনে মায়ের সঙ্গে অংশ নিয়েছে এই শিশুটিও। ১৩ এপ্রিল কাঠমান্ডুর বাখতাপুর শহরে এই আলোকচিত্রটি ফ্রেমবন্দি করেন নাভেশ চিত্রকর।
১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে জঙ্গি হামলায় নিহত হন রাষ্ট্রদূত ক্রস্টোফার স্টিভেন্সসহ চার কর্মকর্তা। জ্বলন্ত কনস্যুলেট ভবনের সামনে এক হামলাকারী। ছবিটি তুলেছেন এসাম আল ফেতরোই।
উত্তর কোরিয়ার হাংগুমপিয়ং দ্বীপে কৃষকদের উদ্দীপ্ত করতে বিপ্লবী গান গাইছেন একদল তরুণ-তরুণী। ৬ জুন চীনের সীমান্ত শহর ডানডংয়ে কাঁটাতারের এপার থেকে ছবিটি ক্যামেরায় ধারণ করেন জ্যাকি চ্যান।
অর্থনৈতিক সংকটে বছরজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলে গ্রিসে। সরকারের ব্যয় সংকোচ নীতির প্রতিবাদে ৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় ও পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে প্রায় চার হাজার পুলিশ, উপকূলরক্ষী ও অগ্নিনির্বাপক কর্মী। পার্লামেন্টের সামনে নিজের গলার ফাঁসির দড়ি ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। ছবিটি তুলেছেন জন কোলেসিদিস।
এ বছরই নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৭ নভেম্বর ফল প্রকাশের পর শিকাগোর ইলিনয়ে যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সমর্থকদের সেই উৎসব এভাবেই ধরা পড়েছে ফিলিপ স্কট এন্ড্রুজের ক্যামেরায়।
|