সর্বশেষ :
partners logo
9:44 pm BdST, Thursday, May 23, 2013
পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি গ্রাহকদের অনলাইনে আবেদনের সুযোগ
Wed, May 30th, 2012 7:49 pm BdST
 
ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী বিদ্যুতের গ্রাহকরা সংযোগ পেতে এখন অনলাইনে আবেদন করতে পারবেন। আর আবেদনের এক মাসের মধ্যেই সংযোগ মিলবে।

এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকরাও একইভাবে আবেদন করে সংযোগ পাবেন।

রাজধানীর বিদ্যুৎ ভবনে বুধবার অনলাইনে বিদ্যুৎ সংযোগের আবেদন করার পদ্ধতির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “সরকার সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এর অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।”

আগামী জুন মাসের মধ্যে সব বিতরণকারী সংস্থা এ পদ্ধতি চালু করবে উল্লেখ করে তিনি বলেন, “সম্প্রতি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) আওতাভুক্ত এলাকায় অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার পল্লী বিদ্যুৎ ও ডিপিডিসির গ্রাহকদের জন্য এ সেবা চালু করা হলো। আবেদনের এক মাসের মধ্যে গ্রাহকরা সংযোগ পাবেন।”

রাজধানীর পুরান ঢাকা, মতিঝিল, পুরানা পল্টন, শাহবাগ, ধানমণ্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ডিপিডিসি। ডেসকো ঢাকায়ও বিদ্যুৎ বিতরণ করে।

আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৭০ টি সমিতির মাধ্যমে সারাদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

এছাড়াও সারাদেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাাডিকো) বিদ্যুৎ বিতরণ ও সংযোগ দেয়।

আরইবির চেয়ারম্যান মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহকের সুবিধার্থে এ ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রাহকরা আরইবির ওয়েবসাইট থেকে নতুন সংযোগ পাওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

তিনি বলেন, নতুন এই সেবা আপাতত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ চালু হবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৭০টি সমিতিতে এটি চালু করা হবে।

একই অনুষ্ঠানে আরইবির ৭০টি সমিতির ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বিল পরিশোধ করার পদ্ধতিরও উদ্বোধন করা হয়।

মঈন উদ্দিন জানান, বর্তমানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা বিল পরিশোধের এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে সব সমিতিতে এই ব্যবস্থা চালু করা হবে।

এ পদ্ধতিতে বিল পরিশোধের জন্য মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে আরইবি বুধবার একটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানান তিনি।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান জানান, অনলাইনে আবেদন করার কার্যক্রম ধানমণ্ডি এলাকায় আপাতত শুরু হচ্ছে, পর্যায়ক্রমে সব এলাকায় তা চালু হবে।

গ্রাহকরা বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানতে পারবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৩৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank