লক্ষ্মীপুর/ঝিনাইদহ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলোর সংবাদকর্মীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর ও ঝিনাইদহে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
সভায় দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাগর-রুনির হত্যাকারীসহ বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বক্তারা।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাব শহরে বিক্ষোভ মিছিল করেছে এবং জেলার পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সাংবাদিকদের এ কর্মসূচিতে উপস্থিত হয়ে একাত্বতা প্রকাশ করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এরপর এক সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এম রায়হান, কালেরকণ্ঠ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, স্থানীয় দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম।
সমাবেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেন বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫০০ ঘ.