ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনের ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালকের দায়ের করা আবেদনের ওপর আদেশ সোমবার দেওয়া হবে।
রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে সোমবার আদেশ দেওয়ার দিন ধার্য করে।
সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে পাঁচটি রিট আবেদনের বিষয়টি উঠলে এগুলো শুনানির জন্য ওই বেঞ্চে পাঠান।
৫ কোম্পানি এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ও প্রাইম ফিনান্সের পক্ষে তাদের আইনজীবী ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম ও আকতার ইমাম তাদের বক্তব্য তুলে ধরেন।
এসইসির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২২ মে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির ২৪ জন পরিচালক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯-এর ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত বাদিপক্ষের আইনজীবীদের রিট গ্রহণ করে সব পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠান।
উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণে বিষয়ে এসইসির নির্দেশনার বিরুদ্ধে তিনটি রিট আবেদন খারিজের পর দিন হাই কোর্টে এই পাঁচটি আবেদন করা হয়।
যে আইনের ধারা অনুযায়ী এসইসি নির্দেশনাটি পাঠিয়েছিল, পাঁচটি আবেদনে সে ধারার বৈধতাই চ্যালেঞ্জ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৪৪ ঘ.