সর্বশেষ :
partners logo
11:00 pm BdST, Sunday, May 19, 2013
বিচারিক আদালতেও জামিন পেলেন ২৫ আইনজীবী
Sun, Jun 3rd, 2012 1:42 pm BdST
 
ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতে বিশৃঙ্খলা ও ভাংচুরের মামলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিনসহ ২৫ আইনজীবী বিচারিক আদালত থেকেও জামিন পেয়েছেন।

হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে রোববার তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে নতুন করে জামিন চাইলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম ১৯ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

দ্রুত বিচার আইনের এ মামলায় আসামিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রও এদিন তিনি গ্রহণ করেছেন।

২৫ আইনজীবীর জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অরিতিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বলেন, “আমরাও আইনজীবী, উনারাও আইনজীবী। উনারা হামিন পেলে আমাদের আপত্তি নেই। তবে আদালতে আর কখনো যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী লুৎফে আলম।

হরতালের একটি মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা, সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকনের জামিন নাকচে বিক্ষুব্ধ আইনজীবীদের মিছিলের সময় গত ২২ মে ঢাকার মহানগর দায়রা জজ এবং জেলা জজ আদালতের সাঁটলিপিকারের কার্যালয়ের কাচের জানালা এবং দরজা ভাংচুর করা হয়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন ওই রাতেই ২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এই মামলা করেন। গত বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আজিজুল ইসলাম।

আইনজীবীরা এর আগে হাইকোর্টে গিয়ে আগাম জামিন চাইলে আদালত তাদের ১০ দিনের জামিন মঞ্জুর করে। তার মেয়াদ শেষেই রোববার বিচারিক আদালতে নতুন করে জামিনের আবেদন করেন তারা।

জামিনপ্রাপ্তদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা এম মাসুদ আহমেদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, মহসীন মিয়া, ইকবাল হোসেন খানও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৩৩৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank