সর্বশেষ :
partners logo
4:12 am BdST, Thursday, May 23, 2013
ঘুষ নিয়ে সংঘর্ষে ২ পুলিশ সাময়িক বরখাস্ত
Tue, Jun 5th, 2012 3:38 pm BdST
 
সাভার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে পুলিশের মধ্যে মারধরের ঘটনায় আশুলিয়া থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার এ ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল শাহ আলমকে। এছাড়া, উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার হোসেন, কনস্টেবল শহীদুল ইসলাম ও বাচ্চু মিয়াকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্তরা শনিবার গভীর রাতে ইয়ারপুর এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তারের পর তার পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

ওই টাকা ভাগ-বাটোয়ারা সময় এএসআই মিজানুর রহমান প্রত্যেক কনস্টেবলকে ৫০০ টাকা করে দিলে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি শুরু হয়।

এ সময় এএসআই মিজানুর তার হাতে থাকা ওয়াকিটকি সেট দিয়ে কনস্টেবল শাহ আলমের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়।

তাৎক্ষনিকভাবে শাহ আলমকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে গোপনে চিকিৎসা করাতে থাকে ওই পুলিশ কর্মকর্তা।

ওসি জানান, সোমবার বিষয়টি জানাজানি হয়ে গেলে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে দুই জনকে সাময়িক বরখাস্ত ও ওই দলের অন্য তিনজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি তদন্তে তাকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৫৩৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank