সর্বশেষ :
partners logo
5:05 pm BdST, Wednesday, May 22, 2013
স্পিকারকে স্মারকলিপি সাংবাদিকদের
Tue, Jun 5th, 2012 9:39 pm BdST
 
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পদক্ষেপ চেয়ে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক নেতারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি মঙ্গলবার বিকালে যৌথভাবে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি দেন।

স্মারকলিপির অনুলিপি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ সব সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও মুহাম্মদ বাকের হোসাইন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এসময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারে স্পিকারের পদক্ষেপ চাওয়া হয়েছে। এছাড়া স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সব কালা-কানুন অবসানের জন্য আইন প্রণয়নের দাবিও করা হয়।

ইকবাল সোবহান চৌধুরী স্পিকারকে বলেন, “খুলনার হুমায়ুন কবীর বালু, মানিক সাহা, যশোরের শামসুর রহমান, সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। সংসদের অভিভাবক হিসেবে আমরা আমাদের দাবি আপনার কাছে পেশ করছি।”

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়েও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতারা।

স্পিকার বলেন, “আমি নিজে থেকে এ বিষয়ে কোনো কথা বলতে পারি না। তবে যদি কোনো সংসদ সদস্য এ বিষয়ে সংসদে কথা তোলেন, তবে আমি সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারি।”

সাংবাদিক নেতারা সব গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, ওয়েজবোর্ড অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা ও চাকরির নিশ্চায়তার জন্য আইনি পদক্ষেপ গ্রহণের দাবিও জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank