সর্বশেষ :
partners logo
1:55 pm BdST, Monday, May 20, 2013
কর্মস্থলে সংবর্ধিত নিশাত
Tue, Jun 5th, 2012 11:52 pm BdST
 
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের পর এবার গ্রাহকসেবার সর্বোচ্চ চূড়া ছোঁয়ার আকাক্সক্ষা প্রকাশ করেছেন নিশাত মজুমদার।

ঢাকা ওয়াসার হিসাবরক্ষণ কর্মকর্তা নিশাতকে মঙ্গলবার তার কর্মস্থলে সংবর্ধনা দেওয়া হয়।

ওয়াসা কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে নিশাত বলেন, “সবাই আমাকে এমনভাবে গ্রহণ করেছে, যা আমি স্বপ্নেও ভাবিনি। এখন দোয়া করবেন গ্রাহকসেবার এভারেস্ট যেন চড়তে পারি।”

গত ১৯ মে এভারেস্ট জয় করেন নিশাত। গত ২৬ মে এভারেস্টের চূড়া থেকে বেসক্যাম্পে নামেন তিনি। এরপর গত ৩ জুন দেশে ফেরেন নিশাত।

সংবর্ধনা সভার প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নিশাতকে ‘বাঙালি জাতির গর্বের ধন’ আখ্যায়িত করে বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান নিশাত এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে এসেছে। এর চেয়ে গর্বের আর কী হতে পারে?”

তিনি ওয়াসার পক্ষ থেকে উপহার হিসাবে নিশাতকে ৫ লাখ টাকার চেক তুলে দেন। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান সহকর্মী নিশাতকে মেধাবী এবং একজন দক্ষ কর্মকর্তা আখ্যায়িত করে ওয়াসার পক্ষ থেকে একটি ফ্ল্যাট বরাদ্দের ঘোষণা দেন।

নিশাতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মজুমদার বলেন, “নারীদের জন্য বাংলাদেশের শৃঙ্খলিত সমাজ ব্যবস্থা ভেঙে নিশাত মাউন্ট এভারেস্ট জয় করেছে। এটি বাংলাদেশের নারীদের অনেকখানি এগিয়ে দেবে।”

মা আশুরা মজুমদার নিশাতের কাজে সহযোগিতার জন্য ঢাকা ওয়াসাকে ধন্যবাদ জানান।

ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্লাহ ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিশাত তার এভারেস্ট বিজয় তরুণ-তরুণীদের উৎসর্গ করে তাদের উদ্দেশে বলেন, “আমি আশা করি, তারা নতুন নতুন অ্যাডভেঞ্চার করবে এবং ধূমপান ও সব ধরনের মাদক পরিহার করবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২৩৪৬ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank