ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতাদের জামিনের বিষয়ে রুলের শুনানি একদিন পিছিয়েছে।
বুধবার এ বিষয়ে শুনানির ধার্য দিনে রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও এফ আর এম নাজমুল আহাসানের বেঞ্চ বৃহস্পতিবার বেলা ২টায় শুনানির সময় রাখেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে সময় প্রার্থনা করে আমি বলেছি, এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তিনি আজ আপিল বিভাগে অন্য একটি মামলা নিয়ে ব্যস্ত আছেন। তাই এই শুনানি পেছানো প্রয়োজন।”
এরপর আদালত শুনানি একদিন পিছিয়ে দেয় বলে জানান তিনি।
“গত ২৬ মে হাই কোর্ট বিএনপির ৫ সাংসদসহ সর্বমোট ৩৪ জনের জামিনের বিষয়ে রুল দিয়েছিল। পরে সাদেক হোসেন খোকার জামিনের বিষয়েও রুল হয়। সবগুলো বিষয়ই আগামীকাল শুনানির জন্য আসবে”, বলেন তিনি।
গত ২৬ মে এ মামলার কারাবন্দি আসামিদের মধ্যে বিরোধী দলের পাঁচ সংসদ সদস্যকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে বাকি ২৯ জনের বিষয়ে রুল জারি করে আদালত।
তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না সরকারের কাছে তা জানতে চাওয়া হয় ওই রুলে। বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরদিন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার আবেদনেও একই আদেশ দেওয়া হয়।
এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ।
এরপর ১০ মে মির্জা ফখরুলসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা ২১ মে গ্রহণ করেন বিচারক।
জোট নেতারা আগাম জামিনের আবেদন করলে হাই কোর্ট তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সে অনুযায়ী ১৬ মে তারা মহানগর দ্রুত বিচার হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠায়।
এরপর মহানগর দায়রা জজ আদালতও জোট নেতাদের জামিন আবেদন নাকচ করে দিলে তার বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন ৩৪ নেতা।
গত ১৬ মে জামিনপ্রাপ্ত পাঁচ সংসদ সদস্য হলেন- বিএনপির ¯’ায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২২৪ ঘ.