সর্বশেষ :
partners logo
7:53 am BdST, Sunday, May 19, 2013
লাশ হয়ে দেশে ফিরলেন ১০ শ্রমিক
Wed, Jun 6th, 2012 1:14 pm BdST
 
ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশি শ্রমিকের মরদেহ বুধবার ভোরে বাংলাদেশে এসে পৌঁছেছে।

ভোর পাঁচটায় গালফ এয়ারওয়েজের একটি বিমানে মরদেহগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুধাকর দত্ত এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মিজানুর রহমান মরদেহগুলো বুঝে নিয়েছেন।

এরপর স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য পরিবারপ্রতি ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান সকাল ৮টায় বিমানবন্দরে গিয়ে ১০ শ্রমিকের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, সেখানেই ময়নাতদন্ত হয়েছে। বাইরাইন সরকার এসব মরদেহ দেশে পাঠাতে সর্বোচ্চ সহায়তা করে। দেশটির আইন মন্ত্রণালয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের ছাড়পত্র না পাওয়ার কারণে মরদেহ পাঠাতে দেরি হয়।

২০ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যাওয়া বাংলাদেশির মধ্যে ৯ জনের বাড়ি কুমিল্লায়, একজনের চাঁদপুরে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিহতদের পরিবারপ্রতি দুই লাখ টাকা করে ‘আর্থিক অনুদান’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ‘প্রবাসী কল্যাণ বোর্ড’ এ অর্থ সহায়তা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩০৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank