সর্বশেষ :
partners logo
7:43 pm BdST, Sunday, May 19, 2013
কুইক রেন্টাল প্ল্যান্ট
সংসদে পাল্টাপাল্টি বক্তব্য মহাজোট এমপিদের
Tue, Jun 12th, 2012 12:00 am BdST
 
ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুইক রেন্টাল বা দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যদের।

সোমবার সংসদ অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করলেও এর পক্ষে যুক্তি দেখিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সঙ্কট মোকাবেলার পরিকল্পনা নেয়। এতে জ্বালানির জন্য ব্যাপক ভর্তুকি দিতে হচ্ছে বলে এর সমালোচনাও হচ্ছে অনেক।

মহাজোট সংসদ সদস্য মেনন সংসদে দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীরও সমালোচনা করেন।

মেনন বলেন, “যারা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের বিরোধিতা করেছেন তাদের দেশদ্রোহী আখ্যা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু দেশপ্রেমিকের পরিচয় তিনি দিচ্ছেন না।

“মুক্তিযুদ্ধ করলেই যদি দেশপ্রেমিক হওয়া যেত, তাহলে খন্দকার মোশতাক আহমেদ সবচাইতে বড় দেশপ্রেমিক হতেন।”

এই সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, “রেন্টাল নিয়ে মহা হৈ চৈ, কিন্তু এটা না হলে অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা অসম্ভব ছিল।”

তিনি জানান, বর্তমানে মোট বিদ্যুতের ১৮ থেকে ২১ শতাংশ উৎপাদন হচ্ছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং ২০১৬ সালের পর তা ৬ শতাংশে নেমে আসবে।

“মেনন সাহেব বললেন, রেন্টালের জন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। আমি একথা অস্বীকার করি। তা বন্ধ রাখা হয়েছে গ্যাসের কারণে।”

মেনন আরো বলেন, “রেলের ভেতরে এখনো কালো বেড়াল রয়েছে। এই বেড়াল তাড়াতে হবে। ঘরের মধ্যে কালো বেড়াল পুষলে নিজেদেরই ক্ষতি হবে।”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “কয়লা দিয়ে বিদ্যুত উৎপাদন করতে চাইলে বামপন্থীরা হায় হায় করে ছুটে আসে। এরপরও অসাধ্য সাধন করে মাত্র সাড়ে ৩ বছরে কীভাবে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বাড়ানো হল, তা নিয়ে কেউ ভেবে দেখেছেন কী?”

প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “সমালোচকরা কেউ কেউ বলেন, এবারের বাজেট ভালো তবে রাজনৈতিক। আবার কেউ বলেন বাজেট নির্বাচনমুখী।

“আমি বলি, আওয়ামী লীগ রাজনৈতিক দল, বাজেট রাজনৈতিক না হয়ে কি হোমিওপ্যাথিক হবে? নির্বাচনমুখী না হয়ে কি সামরিকমুখী হবে?”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএসজেড/এএইচ/এমআই/২৩৫১ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank