শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে তদবির ও স্বজনপ্রীতি ঠেকাতে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ওই দুটি পদে নিয়োগের জন্য শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে একটি ‘যোগ্য তালিকা’ তৈরি করছে। এ তালিকা থেকে ডেকে মৌখিক পরীক্ষা নিয়েই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে মৌখিক পরীক্ষার পদ্ধতি ও ধরন চূড়ান্ত করতে আগামী ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা ডাকা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে সরাসরি কলেজ বা মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়, যাতে প্রায়ই তদবির ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া যায়।
বর্তমানে দেশে ২৬৪টি সরকারি কলেজ, চারটি সরকারি মাদ্রাসা, ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ১৬টি কর্মাশিয়াল ইনস্টিটিউট, পাঁচটি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং একটি সরকারি মাদ্রাসা প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে।
এসব প্রতিষ্ঠানের সবগুলোতে অধ্যক্ষদের পদ থাকলেও ১৬টি কর্মাশিয়াল ইনস্টিটিউট ও ৬০টি কলেজে এখনো উপাধ্যক্ষের পদ সৃষ্টি করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আহসানুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের জন্য আবেদন চাওয়া হলে নির্ধারিত ছকে ১০ ধরনের তথ্য দিয়ে ২৭৮ জন আবেদন করেছেন।
“এদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি জ্যেষ্ঠতা, সততা, দেশপ্রেম, সাহস, প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলী এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদন বিবেচনা করে ফিট-লিস্ট তৈরি করা হচ্ছে”, বলেন তিনি।
মৌখিক পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিলে ‘তদবির’ বন্ধ হয়ে যাবে বলেও মনে করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অধ্যক্ষ পদে নিয়োগের জন্য অধ্যাপক অথবা সমমর্যাদার এবং প্রযোজ্য ক্ষেত্রে সহযোগী অধ্যাপক ও সমমর্যাদার পদধারী শিক্ষা কর্মকর্তারা আবেদন করতে পারেন। আর উপাধ্যক্ষ পদে আবেদনের সুযোগ পেয়েছেন অধ্যাপক, সহযোগী অধ্যাপক অথবা সমমর্যাদার পদধারীরা।
অধ্যক্ষ পদের জন্য কমপক্ষে ২০ বছর এবং উপাধ্যক্ষ পদের ক্ষেত্রে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারাই আবেদনের সুযোগ পেয়েছেন। তবে যারা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর সংক্ষিপ্ত কোর্স করেছেন, তারা এ দুটি পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তালিকায় স্থান পাওয়া সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরির কলেজে উপাধ্যক্ষ হিসাবে পদায়ন করা হবে। দুই বছর ওই দায়িত্ব পালনের পর তারা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির কলেজে নিয়োগ পাবেন।
তালিকায় থাকা পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপকদের যে কোনো ক্যাটাগরির কলেজে অধ্যক্ষ হিসাবে পদায়ন করা যাবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/জেকে/০৯৩০ ঘ.