সর্বশেষ :
partners logo
10:12 pm BdST, Thursday, May 23, 2013
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্তক বাংলাদেশ: টুকু
Tue, Jun 12th, 2012 4:33 pm BdST
 
ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত রক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

মিয়ানমারের রাখাইন প্রদেশে স¤প্রতি জাতিগত সহিংসতার পর রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

যেসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাদের চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় ইতোমধ্যে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও মঙ্গলবার এক বিবৃতিতে মিয়ানমার সীমান্তে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখার কথা বলেছে।

রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হওয়ার পর বাংলাদেশে ঢোকার চেষ্টা করে রোহিঙ্গারা।

প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের মধ্যে এখনো প্রায় ২৫ হাজার নাগরিক টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।

বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও তথ্য রয়েছে।

বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই

জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটির ১২তম সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি বলেন, বর্তমানে বাংলাদেশে কোন জঙ্গি তৎপরতা নেই, জনগন স্বস্তিতে রয়েছে।”

জঙ্গিবাদ প্রতিরোধে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে উল্লেখ করে টুকু বলেন, মসজিদগুলোতে জুমার নামাজের আগে এক মিনিট জঙ্গিবাদ প্রতিরোধে বক্তব্য দেয়া হবে।

এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে এ বিষয়ে প্রচার চালানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৬৩০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank