সর্বশেষ :
partners logo
10:55 pm BdST, Monday, May 20, 2013
ইরাকে বোমা হামলায় নিহত ৫৩
Wed, Jun 13th, 2012 12:55 pm BdST
 
বাগদাদ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাগদাদে শিয়া তীর্থযাত্রী ও ইরাকের বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে চালানো গুলি ও বোমা হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।

বুধবার শিয়াদের একটি বড় ধর্মীয় পরব চলাকালে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। হামলাগুলো পরস্পর সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

আল কায়েদার ইরাকি শাখা ‘ইসলামিক স্টেট অব ইরাক’ শিয়া তীর্থযাত্রীদের ওপর হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শিয়া ইমাম মুসা আল খাদেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাগদাদে হাজার হাজার শিয়া জড়ো হয়েছিল। বিভিন্ন এলাকায় তাদের লক্ষ্য করে চারটি বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন নিহত হন।

এর মধ্যে বাগদাদের কেন্দ্রিয় এলাকা কারাদায় তীর্থযাত্রীরা পুলিশের একটি তল্লাশি চৌকি পার হওয়ার সময় বিস্ফোরিত বোমায় অন্তত নয়জন নিহত হয়।

ওয়াতিক মুহানা নামের এক পুলিশ সদস্য জানান, “একটি তাবু থেকে পাশ দিয়ে যাওয়া তীর্থযাত্রীদের খাবার ও পানীয় দেওয়া হচ্ছিল। এ সময় সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।”

দক্ষিণ ইরাকের হিল্লা শহরে পুলিশের একটি রেস্তোরার বাইরে দুইটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। এতে অন্তত ২২ জন নিহত ও ৩৮ জন আহত হন।

হতাহতরা সবাই পুলিশ সদস্য কিনা বা এদের মধ্যে কতোজন পুলিশ সদস্য তা জানা যায়নি।

শিয়া অধ্যুষিত বালাদ শহরে আরো দুইটি গাড়িবোমা হামলায় অন্তত ৪ জন নিহত হন। কারবালা শহরে আরেকটি গাড়িবোমা হামলায় ৩ জন নিহত ও ১৭ জন আহত হন।

বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণের হাসওয়া শহরে আর একটি গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হন।

এছাড়া দক্ষিণ বাগদাদে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের গুলিবর্ষণে ৫ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৪৭ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank