সর্বশেষ :
partners logo
9:13 pm BdST, Saturday, May 18, 2013
বেলের শতকে ইংল্যান্ডের সহজ জয়
Sun, Jun 17th, 2012 1:15 am BdST
 
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ান বেলের দ্বিতীয় শতকের সুবাদে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের সুবাদে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

পায়ে আঘাত পাওয়ায় এই ম্যাচে খেলেন নি ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ২৩ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ১ ঘন্টা ১০ মিনিট পরে আবারো খেলা শুরু হলে অতিথিদের ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। আর নতুন লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান।

সাউদাম্পটনের রোজ বৌলে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান করে ইংল্যান্ড। জবাবে ৩৩ ওভার ৪ বলে ১৭২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে ডোয়াইন স্মিথের (৫৬) আক্রমণাত্মক ব্যাটিংয়ে অতিথিদের সূচনাটা ভালো হয়েছিল। এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৫ রান। ঐ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্মিথের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

মাঝখানে মারলন স্যামুয়েলস ৩০ রানের আক্রমণাত্মক আরেকটি ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও ১৫৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ড্যারেন স্যামির দল। এর পর আর দলটির ইনিংস বেশি দূর এগোয়নি।

৩৪ রানে ৪ উইকেট নিয়ে টিম ব্রেসন্যান ইংল্যান্ডের সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি, রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক অ্যালিস্টার কুক। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (৪২) সঙ্গে বেলের ১০৮ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে স্বাগতিকদের।

এরপর রবি বোপারা (৮) দ্রুত ফিরে গেলেও রানের গতি কমেনি স্বাগতিকদের। চতুর্থ উইকেটে ইয়ন মর্গানের (২১) সঙ্গে ৫১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন বেল। দলীয় ২১৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে বেল করেন ১২৬ রান। তার ১১৭ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা।

শেষ পর্যন্ত ক্রেগ কিসওয়েটারের (৩৮*), ব্রেসন্যানের (২১) ও স্টুুয়ার্ট ব্রডের (২২*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনশ রানের কাছাকাছি স্কোর গড়ে ইংল্যান্ড।

৪৩ রানে ২ উইকেট নিয়ে স্যামুয়েলস ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫১ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank