ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার থেকে জিম্বাবুয়েতে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। হারারে স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দল।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন।
শুক্রবার জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। গত বছর জিম্বাবুয়েতে সর্বশেষ সফরও ভালো কাটেনি। সা¤প্রতিক সময়ে ওয়ানডেতে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যর্থই বলতে হবে।
এবার অবশ্য ফলাফলকে তেমন গুরুত্ব দিচ্ছেন না জাতীয় দলের নতুন কোচ রিচার্ড পাইবাস। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অভিযানে দলের শক্তির গভীরতা আর ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কে ধারণা পাওয়াই তার প্রধান লক্ষ্য।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্বস্তি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি। পাইবাস অবশ্য সাকিবের বিশ্রামের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। তার বিশ্বাস, এটি নতুনদের উঠে আসার সুযোগ করে দিতে পারে।
জিম্বাবুয়েতে সাকিবের ‘বিকল্প’ হতে পারেন জিয়াউর রহমান। বোলার থেকে ব্যাটিং অলরাউন্ডারে পরিণত হওয়া জিয়াকে ‘পিঞ্চ হিটার’ হিসেবে ব্যবহার করার আভাস দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। যদিও দুটি প্রস্তুতি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গেছেন তিনি।
চোটের কারণে রুবেল হোসেন ও শফিউল ইসলামের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন পেসার আবুল হাসান রাজু। প্রস্তুতি ম্যাচে ভালো করা রাজুর রোববার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৪ঘ.