সর্বশেষ :
partners logo
12:49 am BdST, Thursday, May 23, 2013
অর্থমন্ত্রীর পদত্যাগ চেয়ে ডিএসইর সামনে বিক্ষোভ
Sun, Jun 17th, 2012 3:27 pm BdST
 
ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে ‘ অনাকাঙ্খিত’’ মন্তব্য করার কারণেই বাজার পড়ছে অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছে বিনিয়োগকারীরা।

রোববার দুপুরে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

বিনিয়োগকারীরা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডিএসইর সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এ কারণে ওই সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থকে।

এর আগে ডিএসই সূচক শতাধিক পয়েন্ট পড়ে যাওয়ায় মতিঝিলের রাস্তায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এ সময় তারা অর্থমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগানও দেন।

ঐক্য পরিষদের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আতাউল্লাহ নাঈম বলেন, “বিগত দিনগুলোতে অর্থমন্ত্রী পুঁজিবাজার সম্পর্কে অনাকাক্সিক্ষত মন্তব্য করেছেন। এতে বাজার পড়ে গেছে। এবারও তিনি পরপর দুইবার এ ধরনের মন্তÍব্য করায় বাজার পড়ছে।”

গত ১১ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় শেয়ার বাজারকে ‘দুষ্টু বাজার’ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “পুরো বাজারটাই দুষ্ট, অনেকে এ বাজারে নিঃস্ব হয়ে গেছে, তবুও বাজার ছাড়ছে না। কিছু লোক দুষ্ট নয়, সবাই দুষ্ট।”

এ ধরনের মন্তব্যের কারণ হিসেবে মন্ত্রী বলেন, “শেয়ারবাজার নিয়ে আমি যেভাবে আশা করেছিলাম, যেভাবে হয়নি। আমি হতাশ, আর হতাশা নিয়েই এসব কথা বলছি।”

এ প্রসঙ্গ টেনে আতাউল্লাহ নাঈম বলেন, “একটি দেশের অর্থমন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন না। এটা বাজারের জন্য ক্ষতিকর।”

গত সোমবার সংসদে মুহিত বলেছিলেন, “অনেকে বলেন, আমি কথা বললে বাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমি যদি পুঁজিবাজার নিয়ে চিন্তা নাও করি, তাহলেও অর্থনীতির ওপর তার ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না।”

গত সপ্তাহে সব মিলিয়ে ডিএসইর সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট কমে যায়। গত বৃহস্পতিবারের মতো চলতি সপ্তাহের প্রথম রোববারও দর ও সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

দিনের লেনদেন শেষে সূচক ঠেকেছে ৪ হাজার ৫০৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৪ পয়েন্ট কম। সারাদিনে হাতবদল হয়েছে ১৬৮ কোটি টাকার শেয়ার, যা বৃহস্পতিবারের চেয়েও ১৮ কোটি টাকা কম।

এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২২টির দাম বেড়েছে, কমেছে ২২৮টির দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমডি/জেকে/১৬৫৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank