সর্বশেষ :
partners logo
1:59 pm BdST, Wednesday, Jun 19, 2013
মঙ্গলযজ্ঞে শুরু রথযাত্রার আনুষ্ঠানিকতা
Thu, Jun 21st, 2012 10:00 am BdST
 
ফাইল ছবি
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বৃহস্পতিবার। নানা আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের এ রথযাত্রা উদযাপিত হবে।

প্রতিবারের মতো এবারো দেশের সবচেয়ে বড় রথযাত্রাটি হবে মানিকগঞ্জের ধামরাইয়ে। আর পুরান ঢাকার স্বামীবাগ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে হবে রাজধানীর সবচেয়ে বড় রথযাত্রা।

সকালে স্বামীবাগে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিকাল ৩টায় ইসকন মন্দির থেকে শোভাযাত্রা করে রথটি টেনে টিকাটুলি, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, প্রেসক্লাব, দোয়েল চত্বর, টিএসসি, জগন্নাথ হলের সামনে দিয়ে পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে।

এর ঠিক নয় দিনের মাথায় (২৯ জুন) হবে উল্টো রথযাত্রা। ওই দিন বিকালে একই পথে রথটি ফিরে যাবে স্বামীবাগে।

ইসকন বাংলাদেশের যুগ্ম-সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গদাস জানান, বিকালে রথযাত্রা শুরুর আগে স্বামীবাগে আলোচনা সভা হবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বিশিষ্ট অতিথিরা এতে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার থেকে উল্টোরথের দিন পর্যন্ত নয়দিনে হোমযজ্ঞ, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, আলোচনা, বৈদিক নৃত্য, ধর্মীয় নাটক ও শোভাযাত্রারও আয়োজন করেবে ইসকন।

সনাতন শাস্ত্রমতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করা হয়। রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উৎসব ও মেলার আয়েজন করা হয়।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/০৯৫০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank