ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরানা পল্টনে নিজের বাসার সামনে থেকে অপহৃত হয়েছিলেন যুক্তরাজ্যপ্রবাসী দিদার আহম্মেদ পুলক। তকে বহনকারী গাড়িটি গাজীপুরের কাছে সড়ক দুর্ঘটনায় পড়ায় আহত হলেও অপহরণকারীদের হাত থেকে বেঁচে গেছেন তিনি।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত চার অপহরণকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এই চারজন হলেন- হেলাল (২৫), মামুন (৩২), শফিক (৪০) ও জাফরি (৩৪)।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন পুলক (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর অক্টোবরে ইংল্যান্ড থেকে দেশে এসে ছোট ভাই বেনাজির আহম্মেদ অলকের কাছে পৈত্রিক সম্পত্তির হিসাব চান তিনি। কিন্তু তারপর থেকেই অলক টালবাহানা শুরু করেন।
তিনি বলেন, “আমার ধারণা, অলকই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে অপহরণ করিয়েছিল। কিন্তু আমি দৈব্যক্রমে বেঁচে গেছি।”
ঘটনার বিবরণ দিয়ে পুলক জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে তিনি পুরানা পল্টনের বাসায় ফেরার পর গ্যারেজে গাড়ি রাখার সময় কয়েকজন যুবক এসে জানতে তার নাম জানতে চায়। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে জোর করে টেনে একটি মাইক্রোবাসে ওঠানো হয়।
“মাইক্রোতে উঠিয়ে তারা আমাকে মারধর করতে থাকে। গাড়ি যেতে থাকে গাজীপুরের দিকে। কিন্তু গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর মাইক্রোবাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় খেয়ে উল্টে পড়ে।”
এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চার অপহরণকারীর সঙ্গে পুলকও আহত হন। আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর আহত চার অপহরণকারীর দেখা পান পুলক। বুদ্ধি করে সঙ্গে সঙ্গে খবর দেন মেডিকেল পুলিশ ফাঁড়ির পুলিশকে।
পল্টন থানার ওসি জানান, ফাঁড়ি থেকে খবর পেয়ে সকালে হাসপাতালে যায় পুলিশ। গ্রেপ্তার করা হয় চার যুবককে।
ওসি গোলাম সারোয়ার বলেন, “আমরা ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করছি। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০৫২ ঘ.