অক্সফোর্ড (ইংল্যান্ড), জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু’দশকের বেশি সময় ধরে গৃহবন্দি অবস্থায় কাটানো মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়েছেন।
গৃহবন্দি থাকা অবস্থায় ১৯৯৩ সালে তাকে এই ডিগ্রি দেওয়া হয়। বুধবার তিনি এই ডিগ্রি নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অক্সফোর্ডের শেলডোনিয়ান থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে বেগুনি রংয়ের পোশাক পরা সু চি বলেন, “আজকের দিনটা আমার জন্য খুবই গতিময় দিন। গতিময় এ কারণে যে আমি সবসময়ই এখানে অতীতকে খুঁজে পেয়েছি। এটা কখনও ছেড়ে যায় না।”
মিয়ানমারের নেত্রী বলেন, “আমার পুরোনো কলেজে (সেন্ট হুগস) অনেক নতুন নতুন ভবন গড়ে উঠলেও আমি এর সবকিছুই চিনতে পেরেছি। অক্সফোর্ডে আমি মানবসভ্যতার সর্বোৎকৃষ্ট বিষয়কে শ্রদ্ধা করতে শিখেছি। আর এটাই কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে চলতে আমাকে সহায়তা করেছে।”
তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমি আমার শিক্ষাজীবনে আবারো ফিরে এসেছি। আমি কোনো পার্থক্য অনুভব করছিনা। আর আমিও আলাদা নই।”
গণতন্ত্রের আন্দোলনে যোগ দেওয়ার আগে ১৯৮০ এর দশকে সু চি অক্সফোর্ডেই পড়াশোনা করেছেন এবং স্বামী ও দুই ছেলেকে নিয়ে এখানে বসবাস করেছেন।
১৯৮৮ সালে স্বল্প সময়ের জন্য তিনি মিয়ানমারে গেলেও নিজ দেশের রাজনৈতিক অস্থিরতার সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়েন। সেসময় গণতন্ত্রমুখী বিদ্রোহ দমন করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়।
দেশে ফিরতে পারবেন কিনা- এমন আশঙ্কায় তিনি আর যুক্তরাজ্যে যাননি। এর ফলে দুই ছেলের বেড়ে ওঠা যেমন দেখতে পারেন নি তেমনি পারেননি ১৯৯৯ সালে তার স্বামীর মৃত্যুর সময় পাশে থাকতে।
২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে সফরের অনুমতিও পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৩ ঘ.