সর্বশেষ :
partners logo
5:55 pm BdST, Tuesday, May 21, 2013
ট্রাককে ধাক্কা মাইক্রোর, বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক চালকের
Mon, Jun 25th, 2012 12:21 pm BdST
 
গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের রাজেন্দ্রপুরে মাইক্রোবাসের ধাক্কায় একটি ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুড়ে মারা গেছেন একজন।

সোমবার ভোররাত ঢাকা-ময়মনসিংহ সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক বলে পুলিশ জানিয়েছে। তবে দেহ পুড়ে যাওয়ায় নিহতকে সনাক্ত করা যায়নি।

মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে এক কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

“গাছবোঝাই একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়,” বলেন তিনি।

পুলিশ কর্মকর্তা ইকবাল জানান, মাইক্রোবাসের ধাক্কায় ট্রাকের পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

পুড়ে যাওয়া মাইক্রোবাসের চালকের আসনে অগ্নিদগ্ধ লাশটি পাওয়া যায় বলে তিনি জানান।

খবর পেয়ে অগ্নিনির্বাপন বাহিনী কর্মীরা গিয়ে দুটি গাড়ির আগুন নেভায়।

গাজীপুর ফায়ার স্টেশন অফিসার আবু জাফর আহমেদ বলেন, “আগুনে পুরো মাইক্রোবাসটি পুড়ে যায় এবং মাইক্রোবাসের চালক সিটে বসা অবস্থায় পুড়ে কংকাল হয়ে যান। তার লাশ চেনার উপায় নেই।”

আগুনে ট্রাকের পেছনের কিছু অংশ এবং ট্রাকে থাকা কাটা গাছও পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank