সর্বশেষ :
partners logo
4:32 pm BdST, Thursday, May 23, 2013
সংবিধান সংশোধনের পরামর্শ মেননের
Mon, Jun 25th, 2012 3:14 pm BdST
 
ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে বিরোধী দলের দাবির মধ্যে ক্ষমতাসীন মহাজোটের এই নেতা সোমবার সংসদ অধিবেশনে এই আহ্বান জানান।

সংবিধান সংশোধনের ফলে কিছু ‘জটিলতা’ তৈরি হয়েছে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। তা এড়ানোর পাশাপাশি নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করতে সংবিধান সংশোধনের পক্ষে তিনি।

বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে অনীহা প্রকাশ করা হচ্ছে। মেনন বিরোধী দলকে পরামর্শ দিয়েছেন, তাদের দাবি সংসদে এসে উত্থাপন করতে।

বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে মেনন বলেন, “নির্বাচন নিয়ে যাতে বিতর্ক না হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার জন্য বিধান সংশোধন করতে হবে।”

বর্তমান বিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচন করতে গেলে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা করছেন তিনি।

মেনন বলেন. “সংসদের বয়স ৫ বছর। তাহলে এই তিন মাস সংসদের কী হবে? অর্ন্তর্বতীকালীন সরকার ‘লেম ডাক’ হতে পারে। কিন্তু, সংসদ ‘লেম ডাক’ হতে পারে না। এটা বলবেন যে ওই সময় সংসদ অধিবেশন বসবে না। কিন্তু সংসদ সদস্যদের বিশেষ অধিকারের কী হবে?”

“সেক্ষেত্রে বর্তমান এমপি এবং যারা সংসদ সদস্য হতে চান- তাদের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ কোথায় রইল? খুব স্বাভাবিকভাবে নির্বাচনের নিরপেক্ষতার বিষয়েও প্রশ্ন উত্থাপিত হবে,” বলেন তিনি।

অর্ন্তর্বতীকালীন সরকার নিয়ে মেনন বলেন, “আমি আগেও বলেছি এখনো বলছি, অর্ন্তর্বতী সরকার যেটি হবে তার রূপরেখা ঠিক করুন। আমরা এ বিষয়ে ভারতে অভিজ্ঞতা নিতে পারি। সেখানে নির্বাচন কশিমনই সুপ্রিম। দলীয় সরকার, না নির্দলীয় সরকার সেটা নিরর্থক বিতর্ক।”

“৭২ এর সংবিধান প্রণয়ন করতে গিয়ে ড. কামাল হোসেন কেন এটা করেছিলেন, সেটা তিনি জানেন। সংবিধানের এই ধারাটি ‘টেস্টেড’ হয়নি,” যোগ করেন তিনি।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মহাজোটের এই নেতা বলেন, “বিএনপিকে বলি, যদি নির্বাচন চান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান, তাহলে সংসদে এসে প্রস্তাব দিন। প্রয়োজনে বেসরকারি বিল আনুন।”

বিএনপি জামায়াতে ইসলামী দ্বারা চালিত হচ্ছে দাবি করে তিনি বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “যুদ্ধাপরাধীদের কাঁধে তুলে কেবল নিজের নয় দেশের কাঁধও ধ্বংস করবেন।”

জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের আমলে সংবিধান সংশোধনের সমালোচনা করে মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়েও পঞ্চদশ সংশোধন নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, “জিয়া ও এরশাদের বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম আওয়ামী লীগের হাতে সংবিধানের পবিত্র বিধানে পরিণত হয়েছে। এর ফলে নতুন প্রজন্ম হতাশ হয়েছে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি নিজেরা বিচ্ছিন্নতা বোধ করছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫০৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter



Rank