ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অতি বর্ষণে পাহাড় ধসে নিহতদের পরিবারকে সান্ত¡না জানাতে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শনিবার চট্টগ্রাম যাবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
গত দুইদিনে প্রবল বর্ষণে চট্টগ্রাম মহানগরী ও জেলার ছয়টি স্থানে পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২৩ জন। গত কয়েকদিনের পর মঙ্গলবার দিনভর বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়।
প্রেস সচিব বলেন, চট্টগ্রামসহ এ অঞ্চলে পাহাড় ধসের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত¡না দিতে বিরোধী দলীয় নেতা শনিবার চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সড়কপথে তিনি চট্টগ্রাম পৌঁছাবেন দুপুরে। বিকালে বিএনপি চেয়ারপারসন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণও করবেন।
শনিবার রাতে চট্টগ্রামে অবস্থান করবেন খালেদা জিয়া। পরদিন তিনি ফেনীর বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতে ঢাকা ফিরবেন বলে জানান মারুফ কামাল খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫০ ঘ.
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.