সিলেট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরমা ও কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের ৬ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
সিলেট নগরীর বন্যা পরিস্থিতিও উন্নতির পথে। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে বন্যার পানি অর্ধেক কমেছে। কমতে শুরু করেছে কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জেও।
তিনদিন বন্ধ থাকার পর দুপুর থেকে যান চলাচল শুরু হয়েছে সিলেট-গোয়াইনঘাট, সিলেট-কানাইঘাট, সিলেট-জকিগঞ্জ সড়কে।
তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমলেও এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১২৭ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে ১২১ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৭১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি না হওয়ায় সিলেটের ৬টি উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।
পানি কমায় প্রশাসনের পক্ষ থেকে খোলা আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরে যাচ্ছে। ৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখন ২৭টিতে আশ্রয়ে আছে বন্যা দুর্গত মানুষ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৬১৪ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
নগদ বরাদ্ধ দেওয়া হয়েছে ২০ লাখ টাকা ২৭ হাজার টাকা। দুর্গতদের গৃহ নির্মাণের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ৫৬ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৫৪ ঘ.