টাঙ্গাইল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সঙ্গে আশাপাশের জেলাগুলোর যোগাযোগ সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে তারাকান্দি পর্যন্ত রেল সংযোগ উদ্বোধন করে সেখানে এক জনসভায় তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী সেখান থেকে একটি বিশেষ ট্রেনে তারাকান্দি যান। পথে ভুঞাপুর ও হেমনগর স্টেশনে দুটি পথসভায় বক্তব্য দেন তিনি।
সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে নামেন প্রধানমন্ত্রী। রেল সংযোগ উদ্বোধনের পর স্টেশন সংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।
শেখ হাসিনা বলেন, রাজধানীর আশেপাশের জেলাগুলোকে কমিউটার ট্রেনের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের সঙ্গে ঢাকার কমিউটার ট্রেন আগামী বছর চালু হচ্ছে।
“আপনারা দিনে গিয়ে কাজ শেষ করে দিনেই ফিরে আসতে পারবেন।”
বর্তমানে ঢাকার সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জের কমিউটার ট্রেন চালু রয়েছে।
তারাকান্দি পর্যন্ত রেল সংযোগ তৈরির কাজটি আওয়ামী লীগের গত আমলে নেওয়া হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ। কারণ আমরা শুরু করলেও তিনি তা বন্ধ করে দিয়েছিলেন।
“আমরা আবার ক্ষমতায় এসে এটি শুরু করে শেষ করতে পেরেছি। এই কাজ শেষ করলে তিনিই এটি উদ্বোধন করতেন।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “আমরা কোনো কাজ শুরু করলে তারা এসে তা বন্ধ করে দেয়। সব কিছু বন্ধ করে দেওয়া তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।”
জনগণের উন্নয়নে নেওয়া আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমরা দেশকে আত্বনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল করতে চাই। সাড়ে তিন বছরে দারিদ্র্য ১০ শতাংশ কমিয়েছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে আমরা, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”
আগামীতে ক্ষমতায় এলে টাঙ্গাইলে মেডিক্যাল কলেজ স্থাপন, বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত সড়ক চার লেইনে উন্নীত করার ঘোষণা দেন তিনি।
জনসভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুকও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৪৫১ ঘ.