সর্বশেষ :
partners logo
1:27 pm BdST, Tuesday, May 21, 2013
ত্রাণ কাজে ব্যর্থ সরকার: খালেদা
Sat, Jun 30th, 2012 5:24 pm BdST
 
চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিবর্ষণ ও পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বললেন, ত্রাণ কাজে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শনিবার বিকালে চট্টগ্রামের পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আকবর শাহ এলাকায় পাহাড় ধসে নিহতদের পরিবারকে সান্ত¦না জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা বলেন, “চট্টগ্রামে পাহাড় ধস ও অতিবষর্ণে মানুষজন কষ্ট ও বিপদের মধ্যে আছেন। তাদের সহমর্মিতা জানাতে আমি এখানে এসেছি। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় বিপদগ্রস্ত মানুষকে যেভাবে সরকারের সাহায্য-সহযোগিতা করার কথা ছিলো, তা তারা করেনি। আমি বলব সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

বিপদগ্রস্তরা অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পাশে পাবে বলে জানান তিনি।

এর আগে গত ২৭ জুন চট্টগ্রামের পানিবন্দি দুর্গত লোকদের হাতে ত্রাণ-সহায়তা না পৌঁছায় সংসদে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রামের সংসদ সদস্যরা।

বিকালে ৩টার দিকে খালেদা জিয়া সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামের পাহাড়তলীতে এসে পৌঁছান। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আকবর শাহ এলাকায় পাহাড়ধসে ১৮ জন নিহতদের প্রতি পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

এর কিছুক্ষণ বাদে অতিবর্ষণ ও পাহাড়ধসে আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, লবণ, শাড়ি বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন।

পাহাড় ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, “আমি আজ বক্তব্য দিতে আসেনি। আপনাদের বিপদে সহমর্মিতা প্রকাশ করতে এসেছি। আমি বুঝি যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার কত অসহায় হয়ে পড়েছে। বিএনপি দলীয়ভাবে সাহায্য-সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছে, আগামীতেও থাকবে।”

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ, এম কে আনোয়ার, সহসভাপতি এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান,চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুর আলম, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মহানগর সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, উত্তরের সভাপতি গিয়াস কাদের চৌধুরী, দক্ষিনের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তরের সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল প্রমুখ এ সময় তার সঙ্গে ছিলেন।

সার্কিট হাউজে মধ্যহ্ন ভোজ সেরে শহরের লালখান বাজার ও শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্সেও ত্রাণ বিতরণ কর্মসূচিতেও বিএনপি চেয়ারপার্সনের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/এএল/১৭১৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank