সর্বশেষ :
partners logo
6:42 am BdST, Friday, May 24, 2013
ইটিপি বন্ধ রাখায় ডাইং কারখানাকে ২৫ লাখ টাকা জরিমানা
Sat, Jun 30th, 2012 6:58 pm BdST
 
গাজীপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইটিপি বন্ধ রেখে শীতলক্ষ্যা নদীতে বর্জ্য ফেলে পানি দূষণের অভিযোগে গাজীপুরের একটি ডাইং কারখানাকে ২৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাসিন নীট কম্পোজিট লিমিটেড নামের কারখানাকে শুক্রবার এ জরিমানা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী জানান।

তিনি বলেন, গত ১৯ জুন এ কারখানা পরিদর্শন করতে গেলে কারখানাটির ইটিপি তাৎক্ষণিকভাবে চালু করা হলেও ইটিপির আউটলেট বন্ধ পাওয়া যায়।

“কারখানার দূষিত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ইটিপির ইনলেটের পাশেই একটি ড্রেন দিয়ে সরাসরি বাইরে নির্গমণ হতে দেখা যায়। দূষিত এ পানির রাসায়নিক পরীক্ষায় এতে কোনো দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায়নি। অথচ এতে লিটারে ন্যূনতম চার দশমিক ৮ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা আবশ্যক। এমনকি এ তরল বর্জ্যে সহনীয় মাত্রার অধিক সিওডি পাওয়া যায় যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।”

মুনীর চৌধুরী বলেন, ওই কারখানাকে জরিমানার পাশাপাশি ইটিপির ত্র“টি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের কোনো অনিয়ম পাওয়া গেলে কারখানার পরিবেশ ছাড়পত্র বাতিল, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ আগামী ২ জুলাইয়ের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৫৪ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank