সর্বশেষ :
partners logo
9:49 am BdST, Tuesday, May 21, 2013
হাফিজ-আজহারের রেকর্ড জুটি
Sat, Jun 30th, 2012 9:32 pm BdST
 
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানের নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। অবিচ্ছিন্ন ২৫৬ রানের জুটির সুবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিশাল সংগ্রহের পথে অতিথিরা। দিনশেষে স্কোর ১ উইকেটে ৩৩৪ রান।

পঞ্চম টেস্ট শতকের দেখা পাওয়া হাফিজ ১৭২ রান নিয়ে অপরাজিত। টেস্টে এটাই তার সেরা ইনিংস। ২৮১ বলের ইনিংসে ১৮টি চার ও একটি ছক্কা।

অবশ্য দিনের ৮৮তম ওভারে রঙ্গনা হেরাথের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিলেও সাইমন টফেলের বিতর্কিত সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানের ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে।

আরেক ডানহাতি আজহার তৃতীয় শতক থেকে মাত্র ৮ রান দূরে দাঁড়িয়ে। ১৮৭ বলে খেলা অপরাজিত ৯২ রানের ইনিংসে ৬টি চার।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের আগের রেকর্ডটি ছিল ফাওয়াদ আলম ও ইউনুস খানের। ২০০৯ সালে কলম্বোতেই ২০০ রানের জুটি গড়েছিলেন তারা।

দু দল মিলিয়েও রেকর্ডটি এখন হাফিজ-আজহারের অধিকারে। ১৯৮২ সালে ফয়সালাবাদে সিদাথ ওয়েটেমুনি ও রয় ডায়াসের গড়া ২১৭ রানই এত দিন দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি ছিল দু দলের মধ্যে।

হাফিজ-আজহারের ব্যাটিং-বীরত্বের সৌজন্যেই ২০০৭ সালের জানুয়ারির পর এই প্রথম কোনো টেস্টের প্রথম ইনিংসে সহজেই তিন শ পেরিয়ে গেছে পাকিস্তান। সেজন্য অবশ্য প্রতিপক্ষ অধিনায়ককে ধন্যবাদ জানাতে পারে তারা।

ব্যাটিং-সহায়ক পিচ হলেও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে সবাইকে বিস্মিত করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি অতিথিরা। পাকিস্তানের পক্ষে রেকর্ড টানা ১৭টি টেস্টে ইনিংসের গোড়াপত্তন করতে নামা তৌফিক উমর ও হাফিজ ভালো সূচনা এনে দেন দলকে।

দলীয় ৭৮ রানে তৌফিককে (৬৫) উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কাকে আনন্দে ভাসিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তখন কে জানতো সারা দিনে এটাই হয়ে থাকবে স্বাগতিকদের একমাত্র সাফল্য!

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ৩৩৪/১ (হাফিজ ১৭২*, তৌফিক ৬৫, আজহার ৯২*; ম্যাথিউস ১/৪৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩০ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank