সর্বশেষ :
partners logo
10:26 am BdST, Sunday, May 26, 2013
আয়ারল্যান্ড সফর
‘নেতিবাচক চিন্তা না করাই ভাল’
Thu, Jul 5th, 2012 12:27 pm BdST
 
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর দুই আগে আয়ারল্যান্ড সফর খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়ারল্যান্ডের কাছে হারের অভিজ্ঞতা হয়েছে। তবে এবারের সফরে সেই তিক্ততা মাথায় রাখতে রাজি নন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

১৩ জুলাই বেলফাস্টে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর ১৬ জুলাই আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। বেলফাস্টের স্টোরমন্টে ১৮, ২০ ও ২১ জুলাই আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে মুশফিকের দল।

এরপর ২২ জুলাই নেদারল্যান্ডসের হেগ-এ যাবে বাংলাদেশ। সেখানে ২৪ জুলাই স্কটল্যান্ডের সঙ্গে ও পরের দিন নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সফর সামনে রেখেই বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হাল্কা অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রধান কোচ রিচার্ড পাইবাসের তত্ত্বাবধানে প্রস্তুতি ক্যাম্পে থাকছেন অপেক্ষমান তালিকার খেলোয়াড়রাও।

প্রথম দিনের অনুশীলন শেষে সাকিব বলেন, “সব ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে আমাদের। নিজেরা খারাপ না খেললে সফরে খারাপ ফলাফল হওয়ার আশঙ্কা কম। আয়ারল্যান্ডের সঙ্গে হারলে কী হবে এ নিয়ে কেউ ভাবছে না, নেতিবাচক চিন্তা না করাই ভাল।”

২০১০ সালে আয়ারল্যান্ডে সর্বশেষ সিরিজ ১-১ এ ড্রয়ের অভিজ্ঞতা মাথায় রাখতে না চাইলেও সাকিব মনে করছেন, জিম্বাবুয়েতে গত মাসের ত্রিদেশীয় সিরিজের চেয়ে আয়ারল্যান্ড সফর একটু কঠিনই হবে।

“আয়ারল্যান্ডের উইকেট, আবহাওয়া সবই অন্যরকম। সেখানে এখন গ্রীষ্মকাল হলেও আমাদের জন্য খেলাটা চ্যালেঞ্জিং হবে। তবে পেশাদার দল হিসেবে যে কোনো কন্ডিশনে আমাদের নিজেদের মানিয়ে নিতে হবে।”

তাছাড়া ‘দুর্বল দলের’ বিপক্ষে সব সময় জেতার একটা চাপ যে কাজ করে তাও মানছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, “ভালো খেলার দিকেই আমাদের নজর থাকবে। সফরে মূল লক্ষ্য থাকবে ব্যক্তিগত ও দলীয়ভাবে ভালো খেলা।”

সাকিবের মতে, টি-টোয়েন্টি ম্যাচ কম খেলার কারণেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়।

“অনেক ওয়ানডে খেলার কারণে আমাদের দলে অনেক ওয়ানডে স্পেশালিস্ট আছে। ওয়ানডেতে একটি ম্যাচ ঘুরতে ৩/৪ ওভার লাগে। অন্যদিকে টি-টোয়েন্টিতে ১ ওভারেই ম্যাচ ঘুরে যেতে পারে। এটাই এখন আমরা শিখছে। এগুলো আরো ভালোভাবে শিখতে আমাদের আরো অনেক ম্যাচ খেলতে হবে।”

এসএলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত সাকিব বলেন, “উপমহাদেশের হলেও শ্রীলঙ্কার উইকেট একটু ভিন্ন। অনেক দিন হল শ্রীলঙ্কায় আমরা খেলি না। সেখানে যারা খেলার সুযোগ পাবে তারা নিজের অভিজ্ঞতার কথা অন্যদের বলতে পারবে। বিশ্বকাপে এটা খুব কাজে লাগবে।”

আইপিএল খেলে আসার পর বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে বিশ্রামে ছিলেন সাকিব। ছুটি কেমন কাটল জানতে চাওয়ায় বললেন, “ছুটি উপভোগ করেছি, যদিও ব্যস্ত সময় কেটেছে। ক্রিকেট থেকে কিছু দিন দূরে থাকতে চেয়েছিলাম, সেটা পেরেছি।”

তবে সব আলস্য ঝেরে ফেলে যতো দ্রুত সম্ভব ছন্দে ফিরতে চান বাংলাদেশ দলের এই তারকা।

“আইপিএল, বিপিএল বা এশিয়া কাপে যেমন ছন্দে ছিলাম, আয়ারল্যান্ড সফরের আগেই তেমন অবস্থায় ফিরতে চাই”, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১২২০ ঘ.

 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter



Rank