সর্বশেষ :
partners logo
12:51 pm BdST, Monday, May 20, 2013
পদ্মা সেতুতে বিনিয়োগের আগ্রহ বীমা কোম্পানিগুলোর
Thu, Jul 5th, 2012 3:11 pm BdST
 
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ‘প্রয়োজনে’ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর এ প্রকল্পের প্রায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-বিআইএ।

বৃহস্পতিবার মতিঝিলে অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন এই আগ্রহের কথা প্রকাশ করেন।

তিনি বলেন, “সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। এই আগ্রহে সাড়া দিয়ে আমরা দেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় এই সেতু নির্মাণে বিনিয়োগ করতে চাই। সরকার রাজি থাকলে আমরা এ বিনিয়োগ করব।”

কবির হোসেন জানান, জীবন বীমা কোম্পানিগুলোর হাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার তহবিল জমা আছে। এই অর্থ থেকে ওই ১১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা সম্ভব।

কীভাবে এই অর্থ তারা বিনিয়োগ করবেন জানতে চাইলে তিনি বলেন, “সরকারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত হবে।

২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগে গত শুক্রবার তা বাতিল করে বিশ্ব ব্যাংক।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল হওয়ায় প্রয়োজনে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর সম্ভাব্যতা যাচাইয়ে গভর্নর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন বলেও তিনি জানান।

কবির হোসেন বলেন, “আমরা বিনিয়োগ করতে চাই। আমাদের এগিয়ে আসা দেখে অন্যরাও বিশেষ করে প্রবাসীরা এগিয়ে আসুক, এটা আমরা চাই।”

ইন্সুরেন্স এসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা ৬২টি। এরমধ্যে জীবন বীমা ১৮টি। আর সাধারণ বীমা ৪৪টি।

১৮টি জীবন বীমা কোম্পানিতে মোট বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৫৪২ কোটি টাকা। আর সাধারণ বীমা কোম্পাগিুলোতে এক হাজার ৭১০ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৫০৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter



Rank