সর্বশেষ :
partners logo
1:12 am BdST, Thursday, May 23, 2013
মূল্যস্ফীতি কমলেও বার্ষিক গড় দুই অংকে
Thu, Jul 5th, 2012 4:03 pm BdST
 
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাসে মূল্যস্ফীতি আরো কমে এলেও বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অংকের ঘরেই ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এক বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ।

এর আগের অর্থবছরের (২০১০-১১) গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৮ শতাংশ, যা সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার।

সেই লক্ষ্য পূরণ না হলেও অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এই হার ৯ দশমিক ১৫ শতাংশ এবং তার আগে এপ্রিলে ৯ দশমিক ৯৩ শতাংশ ছিল।

অর্থবছরের শেষ তিন মাস ধরেই মূল্যস্ফীতি দুই অংকের নিচে অবস্থান করছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুারের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।

তিনি বলেন, “প্রধানত চাল ও চাল জাতীয় দ্রব্য ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্য হ্রাসের কারণে মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। মে মাসে এই হার ৭ দশমিক ৪৬ শতাংশ ছিল।

আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে জুনে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭২ শতাংশে, আগের মাসে যা ছিল ১২ দশমিক ৭২ শতাংশ।

১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির এ হার হিসাব করা হয়েছে বলে মহাপরিচালক জানান।

বিবিএসের তথ্য অনুযায়ী, মাসওয়ারি হিসাবে (পয়েন্ট-টু-পয়েন্ট) জুনে গ্রামের পাশাপাশি শহরেও মূল্যস্ফীতি কমেছে।

মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮৩ শতাংশ। জুনে তা ৭ দশমিক ৮৮ শতাংশে নেমেছে।

গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ০২ শতাংশ হয়েছে। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ১২ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৮৮ শতাংশে নেমে এসেছে।

জুন মাসে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আগের মাসে এ হার ছিল ১১ দশমিক ১২ শতাংশ।

শহরে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। মে মাসে এর হার ছিল ১০ দশমিক ১৭ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ১২ দশমিক ৪৪ শতাংশ থেকে ১১ দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে।

সংবাদ সম্মেলনে মজুরি হারের তথ্যও প্রকাশ করা হয়। ২০১১-১২ অর্থবছরের শেষ মাস জুনে মজুরির হার বেড়েছে ১৪ দশমিক ৭৯ শতাংশ। মে মাসে তা বেড়ে হয়েছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৫৫৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank