ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে ৭৪ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় এদেরকে ক্যাডারপদে সুপারিশ করা হয়নি বলে বুধবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিধিমালা-২০১০ অনুসারে মেধা এবং প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে এদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃতদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন পদে আট জন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের পিটিআই ইন্সট্রাক্টর পদে ২৪ জন, আবহাওয়া অধিদপ্তরের সহকারী ইলেকট্রনিক প্রকৌশলী পদে একজন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ৪০ জন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হারবেরিয়াম পদে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
তথ্য বিভ্রাটের কারণে একজনের সুপারিশ বাতিল করা হয়েছে এবং ছয় প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে পিএসসি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে গুরুতর ভুলত্রুটি পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭২৮ ঘ.
সুপরিশকৃতদের তালিকা দেখতে ক্লিক করুন