সর্বশেষ :
partners logo
12:32 am BdST, Sunday, May 19, 2013
১০ ট্রাক মামলায় ফররুখকে জেরা চলছে
Thu, Jul 5th, 2012 6:08 pm BdST
 
চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা দুই মামলায় পুলিশের তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহমদ চৌধুরীকে জেরা চলছে।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের দুই আইনজীবী সাক্ষী ফররুখকে জেরা করেন।

বিচারক জেরা অসমাপ্ত রেখে আগামী ১০ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। ওইদিন সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীরা পুনরায় জেরা করবেন।

১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনায় গঠিত সরকারি তদন্ত দলের সদস্য ফররুখ আহমদ গত মঙ্গলবার একই আদালতে সাক্ষী হিসেবে আদালতে তার জবানবন্দি দিয়েছিলেন।

শুরুতেই আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান সাক্ষীকে জেরা করেন। বুধবার দিনভর জেরা করেন আসামিপক্ষের পাঁচ আইনজীবী।

বৃহস্পতিবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মাহবুব আহমেদ ও আবদুস সোবহান তরফদার সাবেক ডিআইজি ফররুখ আহমেদকে জেরা করেন।

মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে ফররুখ বলেছিলেন, এনএসআই কর্মকর্তারা যুক্ত থাকলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ ও স্বরাষ্ট্র সচিবের অনুমোদনে তাদের নাম বাদ দিয়ে মামলা দুটির অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এদিকে জেরা শুরুর পূর্বে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাবেকে শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ ১০ আসামিকে আদালতে হাজির করা হয়।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে খালাসকালে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা হয় কর্ণফুলী থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/১৮০৫ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter

এ সম্পর্কিত আরো খবর



Rank