ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনের প্রথমার্ধে সূচক বাড়লেও শেষের দিকে তা কমেছে।
মঙ্গলবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়তে থাকে। বেলা সাড়ে ১২টায় সূচক প্রায় ৫০ পয়েন্ট বাড়ে। এর পর থেকে সূচক নিচের দিকে নামতে থাকে।
লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৯২ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ২৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৩৫টির, কমে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
টানা ৫ দিন সূচক কমার পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৫২ পয়েন্ট। হাতবদল হয় ২৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২০৩টির, কমে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৫৮ পয়েন্ট। হাতবদল হয় ২০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সব মিলিয়ে গত সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - বিএসসিসিএল, আর এন স্পিনিং, যমুনা অয়েল, কেয়া কসমেটিক্স, মেঘনা পেট্রোলিয়াম, সায়হাম কটন, তিতাস গ্যাস, গ্রামীণফোন, ইউনিক হোটেল ও এমআই সিমেন্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এফবিএফআইএফ, রূপালী ইন্সুরেন্স, স্যালভো কেমিক্যাল, বিএসসিসিএল, ২য় আইসিবি, রহিম টেক্সটাইল, লিগেসি ফুটওয়্যার, সাভার রিফ্রেক্টরিজ, সিটি জেনারেল ইন্সুরেন্স ও ৩য় আইসিবি।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, প্রাইম লাইফ ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ৫ম আইসিবি, ৮ম আইসিবি, গ্রামীণ ১, কোহিনুর কেমিক্যাল, মেঘনা পেট্রোলিয়াম, আইসিবি ইসলামিক, প্রগতি লাইফ ও ৪র্থ আইসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১৮ ঘ.