গাজীপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে এ ঘটনায় নিহত ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৫) গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা এলাকার মো. হাতেম আলীর ছেলে।
তিনি ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আরো ৫/৬টি ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসএম কামরুজ্জামান।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার বারিয়ালি গ্রামের কবরস্থানের পাশে খোলা মাঠে নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়।
এ সময় মোহাম্মদ আলীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ আলীকে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে মোহাম্মদ আলী খুন হয়েছেন তার কারণ জানতে পারেনি পুলিশ।
নিহতের মা জয়নব বেগম জানান, মঙ্গলবার বিকেলে জনৈক মাসুদের ফোন পেয়ে মোহাম্মদ আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
তার লাশ গাজীপুর সদর হাসপাতালে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫১ ঘ.