সর্বশেষ :
partners logo
8:20 am BdST, Wednesday, May 22, 2013
বোমাং রাজা অংশৈ প্রু মারা গেছেন
Wed, Aug 8th, 2012 12:44 pm BdST
 
বান্দরবান, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেল প্রধান, বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী আর নেই।

বুধবার সকাল সোয়া ৯টায় বান্দরবান জেলা শহরে নিজের বাড়িতে বার্ধক্যজনতি কারণে তার মৃত্যু হয় বলে জানান তার ছেলে সাচিং প্রু জেরী। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

অংশৈ প্রুর মেয়ে জামাই অংশৈ হলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৪ অগাস্ট সকালে বান্দরবান মহাশ্মশানে রাজার লাশ দাহ করা হবে।

তবে এর আগে রাজার ছেলে সাচিং প্রু জেরী বলেন, রাতে রাজপরিবারের সদস্যরা এবং সার্কেল হেডম্যান ও কারবারীরা বৈঠক করে তার বাবার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

১৯৯৮ সালে বোমাং সার্কেলের পঞ্চদশ বোমাং রাজার দায়িত্ব নেন অংশৈ প্রু।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন তিনি। সে সময় আব্দুল মালেক সরকারে ক্ষুদ্র জাতিসত্ত্ব¡া সমবায়, মৎস্য ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ১৯৭৯ থেকে ৮২ সাল মেয়াদে সাবেক সেনাশাসক জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অংশৈ প্রু।

প্রয়াত বোমাং রাজার স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে।

১৯১৫ সালের ১ অগাস্ট বান্দরবানের বোমাং রাজ বাড়িতে জন্মগ্রহণ করেন অংশৈ।

১৯৩৭ সালে তিনি চট্টগ্রামের সেন্ট প্লাসিড স্কুল থেকে মেট্রিক পাশ করে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। তবে উচ্চ শিক্ষা শেষ করতে পারেননি তিনি।

১৯৪১ সালে পার্বত্য চট্টগ্রাম ফ্রন্টিয়ার পুলিশ ফোর্সে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন অংশৈ।

১৯৫৭ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তৎকালীন পার্বত্য চট্টগ্রামের বান্দরবান মহকুমায় কো-অপারেটিভ ব্যাংকের অনারারি সেক্রেটারি ছিলেন তিনি।

এছাড়া ১৯৫৫ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বান্দরবানের তৎকালীন একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান উচ্চ বিদ্যালয়ের সম্পাদকের দায়িত্বও পালন করেন এই রাজা।

প্রয়াত অংশৈ প্রু ১৯৬০ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

১৯৭৯ সালে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তাতে যোগ দেন তিনি।

খেলাধুলায়ও আগ্রহ ছিলো অংশৈ প্রু চৌধুরীর। তিনি ছিলেন একজন চৌকস ক্রীড়াবিদ। ১৯৩৬ সালে বরিশালে অনুষ্ঠিত ভলিবল ট্রফিতে চ্যাম্পিয়ন হয় তার দল। এছাড়া ১৯৩৯ সালে কলকাতায় অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় রানার্স আপ হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৬৫৬ ঘ.
 
WARNING: Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Share |
 

bdnews-twitter



Rank