চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় রাজনীতিতে পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের বাড়িতে দাওয়াত দিতে গেলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন শুক্রবার রাতে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে নগর আওয়ামী লীগের কর্মসূচির দাওয়াত দিতে হালিশহরের ফইল্যাতলিতে মন্ত্রীর বাড়িতে যান।
এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাবেক মেয়র একই দাওয়াত নিয়ে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির বাড়িতেও গিয়েছিলেন।
আফসারুল আমীনের বাড়িতে দাওয়াত পৌঁছে দেওয়ার পর মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোক দিবসে দলীয় কর্মসূচির দাওয়াত দিতে উনার বাসায় গিয়েছিলাম। সবাইকে অনুষ্ঠানে আসার দাওয়াত দিয়েছি।”
আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর মুসলিম হলে নগর কমিটি আলোচনা সভার আয়োজন করেছে।
দুই নেতা একান্তে কুশল বিনিময় করেন বলে আওয়ামী লীগ নেতারা জানান।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন সাহেব শোক দিবসে নগর আওয়ামী লীগের কর্মসূচির দাওয়াত দিতে এসেছিলেন।”
এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি মন্ত্রী।
গত সংসদ নির্বাচনের আগ থেকেই আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসির মধ্যে বিরোধ স্পষ্ট হয় যার প্রতিফলন ঘটে নানা কর্মসূচিতে। দুই নেতার অনুসারীরা আলাদাভাবেই দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে।
পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আফসারুল আমীনের সঙ্গেও মহিউদ্দিনের বিরোধ শুরু হয়। এর পর মহিউদ্দিনের অংশ থেকে আলাদা হয়ে নগর আওয়ামী লীগের ব্যানারে কর্মসূচি পালন শুরু করেন আফসারুল আমীন ও নুরুল ইসলাম।
বিরোধের এক পর্যায়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দুই পক্ষকেই এক সঙ্গে কাজ করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।
নুরুল ইসলাম এবং আফসারুল আমীনের বাড়িতে মহিউদ্দিনের যাওয়া বিরোধ অবসানের ইঙ্গিত বলেই মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
নগর আওয়ামী লীগের কর্মসূচির দাওয়াত মহিউদ্দিনের কাছ থেকে পাওয়ার পর ওই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে নুরুল ইসলাম বলেছিলেন, “আমার সঙ্গে যারা আগে থেকে আছে, তাদের না নিয়ে আমি যেতে পারি না। যাওয়ার একটা প্রক্রিয়াও আছে।”
এদিকে ১৫ অগাস্ট উপলক্ষে আফসারুল আমীন ও নুরুল ইসলামের অনুসারীরা নগরীর দোস্ত বিল্ডিংয়ে আলাদা আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এসইউ/১১১৭ ঘ.