ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ায় ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে তেমন ভালো খেলতে পারেননি ভিভিএস লক্ষ্মণ। তবু নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তার ওপরে আস্থা রেখেছেন ভারতের নির্বাচকরা। শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের দলে এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানেরও নাম আছে।
এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে ৮ ইনিংসে একটি অর্ধশতকসহ ১৯.৩৭ গড়ে ১৫৫ রান করেন ৩৭ বছর বয়সী লক্ষ্মণ। এর পর থেকে লক্ষ্মণের বাদ পড়ার পক্ষে অনেকেই মত দিলেও রাহুল দ্রাবিড়ের অবসরের পর প্রথম টেস্ট সিরিজে তেমন পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি হননি ভারতের নির্বাচকরা।
২০১১ সালের জানুয়ারীতে ৩ টেস্ট-ক্যারিয়ারের সর্বশেষটি খেলা চেতেশ্বর পুজারা টপ অর্ডারে ব্যাট করতে পারেন। এছাড়া দলে ফিরেছেন পেসার ইশান্ত শর্মা, লেগ স্পিনার পীযূষ চাওলা ও বাহাঁতি ব্যাটসম্যান সুরেশ রায়না। শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বিশ্রাম নেয়া শচীন টেন্ডুলকারও ফিরেছেন প্রত্যাশামতো।
হায়দরাবাদে ২৩ অগাস্ট থেকে প্রথম টেস্ট ও ব্যাঙ্গালোরে ৩১ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
ভারতের টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, আজিঙ্কা রাহানে, পীযূষ চাওলা, ইশান্ত শর্মা ও সুরেশ রায়না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৬ঘ.